মাস্ক ও স্যানিটাইজার পরিবহনের জন্য মুভমেন্ট পাস নিয়ে প্রাইভেটকারে করে হেরোইন পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. সৌমিক আহম্মেদ সিদ্দিকী।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। হেরোইন ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত আসামির প্রাইভেটকারও জব্দ করা হয়।
র্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মাদক ব্যবসায়ীদের একটি চক্র সীমান্ত এলাকা থেকে একটি বড় চালান নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের এক মাদক ব্যবসায়ীর কাছে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের সামনের সড়কে চেকপোস্ট বসানো হয়। কয়েকটি গাড়ি তল্লাশির পর একটি প্রাইভেটকার থেকে হেরোইনসহ সৌমিক আহম্মেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে করোনা পরিস্থিতিতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় এগুলো সাপ্লাইয়ের মুভমেন্ট পাস নিয়েছিল সৌমিক। পাস নিয়ে সে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের কাছে পৌছে দেয়।