চিকিৎসকের সঙ্গে বচসা: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বদলি

রাজধানীর এলিফ্যান্ট রোডে এক চিকিৎসকের পরিচয়পত্র নিয়ে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হওয়া ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে। 

গত রোববার এই ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালনের সময় এক নারী চিকিৎসকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র তার বদলির খবর নিশ্চিত করে। 

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে বদলি করা হয়েছে। তার বদলির বিষয়টি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল।  

লকডাউন চলাকালে রোববার এলিফ্যান্ট রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নিরাপত্তাচৌকিতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র নেই জানিয়ে উত্তেজিত হয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্‌বিতণ্ডা করতে দেখা যায় ওই চিকিৎসককে। তাকে উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে শোনা যায়। 

এই ঘটনার পর চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পাল্টাপাল্টি বিবৃতি দেয়। 

ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ ব্রিফিংয়ে চিকিৎসকদের পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য আহ্বান জানিয়েছে। চেকপোস্টে ‘চাহিবামাত্র তা প্রদর্শনেরও’ অনুরোধ করেছে।