হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন, গুলিসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। পরে তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তানজিনা মাহিনুর ও তার স্বামী ব্যবসায়ী মোশাহিদ রহমান। গতকাল সকাল ৮টার দিকে ইউএস-বাংলার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে যশোর যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, বিমানবন্দরে প্রবেশের সময় স্ক্যানিং মেশিনে পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিন ধরা পড়ে। পরে তাদের আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গুলির কাগজপত্র পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাচাই করা হচ্ছে। নিয়ম হচ্ছে, বৈধ অস্ত্র-গুলি নিয়ে ভ্রমণের ক্ষেত্রে আগে থেকেই ঘোষণাপত্র পূরণ করে ঘোষণা দিতে হয়। কিন্তু এই দম্পতি সেটা দেননি। পরে বিমানবন্দরে স্ক্যানিং মেশিনে ধরা পড়ায় তাদের আটক করা হয়।
বিমানবন্দর থানার ওসি বি এম ফরমান আলী জানান, ওই দম্পতি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গুলি বহন করার বিষয়টি আগাম ঘোষণা দিতে তারা ভুলে গিয়েছিলেন। তাদের কাগজপত্র যাচাই-বাছাই চলছে কেন এগুলো নিয়ে যাচ্ছিলেন। রাতে তাদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।