ফেইসবুক লাইভে এসে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে কুমিল্লা ও কক্সবাজারে আরও দুটি মামলা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার। আর গত বুধবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় একই আইনে অপর মামলাটি করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মইন উদ্দিন।
কক্সবাজারের মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফেইসবুক লাইভে এসে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দেন নুর। কুমিল্লায় মামলার বাদী লিটন জানান, ‘আওয়ামী লীগ যারা করে তারা কাফের, তাদের ইমান নেই’ এমন মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন নুর।