সময়ের চাহিদা পূরণে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে : তাজুল

স্থানীয় সরকার বিভাগের অধীন সব প্রতিষ্ঠানের আইনগুলো সময়ের চাহিদা পূরণের জন্য সংশোধন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

গতকাল রাজধানীর সরকারি বাসভবন মিন্টো রোড থেকে চলমান কভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে দেশের সব জেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী জানান, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেনসহ বিশে^র অনেক দেশ সময়ের পরিপ্রেক্ষিতে এবং জনমানুষের শান্তিকামনায় নতুন নতুন আইন প্রবর্তন এবং আগের আইনগুলো সংস্কার ও পরিবর্তন করেছে। আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা, বর্তমান প্রেক্ষাপটসহ সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আইনগুলো সময় উপযোগী ও শক্তিশালী করতে সংস্কার বা কিছু পরিবর্তন প্রয়োজন। এ লক্ষ্যে তার মন্ত্রণালয় বেশ কিছু উদ্যোগ নিচ্ছে।

মো. তাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং মন্ত্রণালয়ের অন্যান্য প্রতিষ্ঠান বা অধিদপ্তর সাধারণ মানুষকে নিবিড়ভাবে সেবাদান করে থাকে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে দেশের আর্থসামাজিকসহ অনেক কর্মকাণ্ড, বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা জড়িত।