বলিউডে ফের মৃত্যুশোক। এবার করোনা কেড়ে নিল সংগীত শিল্পী ও সংগীত পরিচালক শ্রাবণ রাঠোরের জীবন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কিছু দিন ধরে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। শ্রাবণ রাঠোরের বয়স হয়েছিল ৬৬ বছর।
নব্বইয়ের দশকে নাদিম আখতার সাইফির সঙ্গে জুটি বেঁধে কাজ করতেন শ্রাবণ। বলিউডে নাদিম-শ্রাবণ নামেই পরিচিত ছিলেন তারা। এই নামেই চলচ্চিত্রে কাজ করতেন তারা।
‘আশিকী’, ‘সাজান’, ‘সিরফ তুম’, ‘সড়ক’, ‘দিলওয়ালে’র মতো অজস্র হিট ছবির সুপারহিট গান কম্পোজ করেছেন এই জুটি। এক কথায় নব্বইয়ের দশকের বলিউড অসম্পূর্ণ নাদিম-শ্রাবণ ছাড়া।
শ্রাবণের মৃত্যুর খবর পাওয়ার পরেই নাদিমের সঙ্গে যোগাযোগ করেছিল মুম্বাইয়ের এক সংবাদসংস্থা। এসময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
বলেন, ‘এমনই এক পরিস্থিতির মধ্যে আছি যে তার পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না। আমার ভাইকে শেষ বারের মতো দেখতে পারলাম না। একসঙ্গে বড় হয়েছি আমরা। কোনো দিন যোগাযোগ বিচ্ছিন্ন হইনি। সে আর নেই।’