রাজধানীর পুরান ঢাকায় আরমানীটোলার একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডে মারা গেছেন একজন, আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। আহতদের মধ্যে তিনজন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন।
বাবুবাজার ব্রিজের পাশের হাজী মুসা ম্যানশন নামের ভবনের নিচতলায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে কেমিক্যাল গোডাউন থেকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রথমে ৭টি ইউনিট আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। মোট ১৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোর ছয়টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়। তখন জানানো হয়, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় বিভিন্ন ফ্লোর থেকে ১৫ জনকে উদ্ধার করে মিটফোর্ডসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও জানানো হয়, আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। নিচতলায় রাসায়নিকের গুদাম থাকায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।