দেশ চালাচ্ছেন ভগবান: অক্সিজেন সংকট নিয়ে দিল্লি হাইকোর্ট

দিল্লির অন্তত ছয়টি হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে গেছে— দিল্লি হাইকোর্টকে বৃহস্পতিবার জানিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। এ কথায় আগের দু’দিনের মতোই অসন্তোষ প্রকাশ করে বিচারপতি বিপিন সাঙ্ঘি ও রেখা পাল্লির বেঞ্চ বলেন, ‘‘আমরা সবাই জানি, এই দেশ চালাচ্ছেন ভগবান।’’

দেশটির সংবাদমাধ্যম জানায়, ভারতের রাজধানীর হাসপাতালগুলোতে অক্সিজেনের হাহাকার চলছে। আদালত পর্যন্ত গেছে একাধিক পক্ষ। অক্সিজেন নিয়ে টানাপোড়েন চলছে একাধিক রাজ্যের মাঝে।

এর আগেই দিল্লির রাজীব গান্ধী হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তাদের হাতে মাত্র তিন ঘণ্টার অক্সিজেন আছে। বিকেল পৌনে পাঁচটায় গুরুগ্রামের ফর্টিস হাসপাতালের টুইট, ‘‘আমাদের কাছে আর ৪৫ মিনিটের অক্সিজেন আছে। রাজনাথ সিংহ, অমিত শাহ, মনোহরলাল খট্টর, অশোক গহলৌত— আপনারা কিছু করুন।’’

দিল্লির প্রীত বিহার এলাকার মেট্রো হাসপাতালে বিকেলের পরে আইসিইউ বন্ধ হয়ে যায় অক্সিজেনের অভাবে। অক্সিজেন শেষ হওয়ায় দুপুরের পর থেকে নয়ডার প্রকাশ হাসপাতাল তাদের আইসিইউ-তে থাকা রোগীদের অন্য হাসপাতালে সরানো শুরু করে।

মরণাপন্ন রোগীর আত্মীয়েরা অক্সিজেনের খোঁজে দিল্লি চষে বেড়াচ্ছেন। বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে শুয়ে থাকা ছেলের জন্য অক্সিজেনের খোঁজে বৃদ্ধা মা হাতে-পায়ে ধরছেন হাসপাতাল কর্তৃপক্ষের। দিল্লি ও সংলগ্ন এলাকায় অক্সিজেনের অভাব চরমে পৌঁছায়। অথচ দিল্লি হাইকোর্টে দিল্লি সরকারের উদ্দেশে কেন্দ্রের বক্তব্য, ‘‘অযথা চাঞ্চল্য ছড়াবেন না।’’

অক্সিজেনের অভাব নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সরোজ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও শান্তি মুকুন্দ হাসপাতাল। বিচারপতি সাঙ্ঘি বলেন, ‘‘রাস্তার সাধারণ মানুষের কথা বাদ দিন। আমিও চাইলে সহজে বেড পাব না।’’

হাইকোর্টের নির্দেশের পর দিল্লির জন্য বরাদ্দ বাড়িয়ে ৭০০ টন অক্সিজেন দেয় কেন্দ্র।

অক্সিজেন নিয়ে রাজ্যগুলোর মধ্যে টানাপোড়েনও অব্যাহত। যেমন; দিল্লির অ্যাপোলো হাসপাতালের জন্য নিয়ে যাওয়া অক্সিজেনের ট্যাংকার আটকে দেয় হরিয়ানা পুলিশ। কেন্দ্র ও হরিয়ানা সরকারের হস্তক্ষেপে তখনকার মতো সমস্যা মেটে। কোনো রাজ্যেই যাতে মেডিকেল অক্সিজেনের সরবরাহ না-আটকায়, সেই মর্মে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তারপরও বৃহস্পতিবার বিকেলে ফের হরিয়ানার ফরিদাবাদে দিল্লির আকাশ হাসপাতালের জন্য পাঠানো অক্সিজেনের ট্যাংকার আটকে দেয় পুলিশ।

অক্সিজেন জোগাড় করতে আইনি পদক্ষেপের পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে দিল্লিতে অক্সিজেন সিলিন্ডার উড়িয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন কেজরিওয়াল। দিল্লিতে এত দিনেও অক্সিজেন প্ল্যান্ট তৈরি না-হওয়ায় বিজেপি কটাক্ষ করেছে তাকে। কেন্দ্রের বিলম্বে বোধোদয় নিয়ে পাল্টা কটাক্ষ ফিরিয়ে দিয়েছে বিরোধী শিবির।