সিদ্ধিরগঞ্জে নৈশ্যপ্রহরীকে হত্যা করে একটি কুরিয়ার সার্ভিসে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে পাইনাদী নতুন মহল্লা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ডরিক মাদানী টাওয়ারের নিচতলায় ইউএসবি এক্সপ্রেস লিমিটেড নামক কুরিয়ার সার্ভিস শাখায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মিলন মিয়া (৬০)। পিতা মৃত সালামত উল্লাহ। তিনি মাদানীনগর এলাকার মাওলানা হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। গুরুতর আহত আরেক নৈশ্যপ্রহরী সিদ্দিকুর রহমান (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিষ্ঠানটির সিদ্ধিরগঞ্জ শাখার দায়িত্বরত কর্মকর্তা কোরবান আলী জানান, সঙ্ঘবদ্ধ একদল ডাকাত, রাতে ভবনের নৈশ্যপ্রহরীদের হাত-পা, বেঁধে মেইন গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে।
ডাকাতরা সিসি ক্যামেরা ভেঙে ডিডিআর বক্স, কুরিয়ার সার্ভিসে রক্ষিত ১৫০টি ব্যাটারি, একটি বড় ফ্রিজ, ওভেন, দুইটি কম্পিউটারসহ কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
ডাকাতদের প্রহারে পাশের শহা আলম ভবনের সিঙ্গারের নৈশ্যপ্রহরী মিলন মিয়া নিহত হন। আর ডরিক মাদনী টাওয়ারে প্রহরী সিদ্দিকুর রহমান গুরুতর আহত হয়। লুণ্ঠিত মালামাল পিকআপ গাড়ি দিয়ে নিয়ে যায় ডাকাতরা। চলে যাওয়ার সময় পাশের এশিয়া মটরস নামে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের দোকান থেকেও আটটি ব্যাটারি ও পনেরোটি চার্জার নিয়ে গেছে বলে জানান দোকান মালিক মিন্টু মিয়া।
ঘটনার খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, র্যাব-১১ এর মেজর হাসান সাহরিয়ার, ডিবি, সিআইডি ও পিবিআইর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে তাৎক্ষণিকভাবে তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করে বলেন, তদন্ত চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মিলন মিয়াকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।