নাভালনিকে অনশন ভাঙার আহ্বান চিকিৎসকদের

রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে অনতিবিলম্বে অনশন ভাঙার আহ্বান জানিয়েছেন তার চিকিৎসকরা। তা না হলে তিনি মারা যেতে পারেন বলে চিকিৎসকরা সতর্ক করেছেন জানিয়েছে বিবিসি। ৪৪ বছর বয়সী নাভালনি রাশিয়ার একজন বিরোধী নেতা। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি বর্তমানে রাশিয়ার কারাগারে আছেন। তিনি ৩১ মার্চ থেকে কারাগারে অনশন শুরু করেন। পিঠে তীব্র ব্যথা ও পায়ের অসাড়তার জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা না পেয়ে অনশনে যান। বিষক্রিয়ার শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নাভালনির পরিবার, চিকিৎসক, আইনজীবী ও সহযোগীরা বেশ কিছুদিন ধরে বলে আসছেন, তার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। যেকোনো সময় তিনি মারা যেতে পারেন। নাভালনির স্বাস্থ্য নিয়ে দেশ-বিদেশে উদ্বেগের প্রেক্ষাপটে তাকে গত সোমবার একটি কারা হাসপাতালে স্থানান্তর করা হয়।