দিনাজপুর পুলিশ কোর্টের হাজতখানায় স্বামীকে শুকনা খাবারের সঙ্গে ইয়াবা দিতে গিয়ে ১৬ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার হয়েছে। গত বৃহস্পতিবার দিনাজপুর পুলিশ কোর্টের হাজতখানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার নারীর নাম রুজিনা বেগম রিক্তা (২৫)। তার স্বামীর নাম মিলন রহমান (২৭)। তিনি পার্বতীপুর উপজেলার সাহেবপাড়া মহল্লার বাসিন্দা। মিলন একটি চুরির মামলার আসামি।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আবু ইমাম জাফর জানান, বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর পুলিশ কোর্টে একটি চুরি মামলার আসামি মিলনকে হাজতখানায় নিয়ে আসা হয়। এ সময় তার স্ত্রী রুজিনা বেগম রিক্তা শুকনা খাবার দেওয়ার জন্য পুলিশের কাছে যান। এ সময় খাবার চেক করতে গিয়ে চিড়ার মধ্যে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় রুজিনাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশের এসআই আলমগীর হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।