গরুর শিং ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষে তরুণ নিহত

কিশোরগঞ্জের বাজিতপুরে গরুর শিং ভাঙাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সোহেল (২৫) নামে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহেল জনৈতপুর গ্রামের আফিলউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরুর শিং ভাঙাকে কেন্দ্র করে হিলচিয়া ইউনিয়নের জনৈতপুর গ্রামের ছন্দু মিয়া ও জলহু মিয়ার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়। গুরুতর আহত সোহেলকে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে বাজিতপুর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটেছে। এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।