সেমিনারে সংস্কৃতি প্রতিমন্ত্রী

কপিরাইট আইন সংশোধনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে

কপিরাইট আইনের খসড়া চূড়ান্ত করে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, মন্ত্রিপরিষদের অনুমোদনের পর পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে ‘মেধাসম্পদ সুরক্ষায় কপিরাইটের গুরুত্ব’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব মো. বদরুল আরেফীন। বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কপিরাইট বোর্ডের চেয়ারম্যান সাবিহা পারভীন ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি খান মাহবুব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কপিরাইট অফিসের ডেপুটি রেজিস্ট্রার মুহম্মদ রায়হানুল হারুন।