বিচারিক আদালতে ভার্চুয়াল শুনানি

আট কার্যদিবসে ১৬৭ শিশুসহ ১৫ হাজার হাজতির জামিন

সারা দেশের বিচারিক আদালতে গত আট কার্য দিবসে ভার্চুয়াল শুনানি শেষে ১৫ হাজার ২১৭ জন হাজতি আসামি জামিন পেয়েছেন। তাদের মধ্যে ১৬৭ জন শিশু রয়েছে। গতকাল শুক্রবার এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মানুষের চলাচল ও কার্যক্রমের ওপর সরকারঘোষিত বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে বিচারিক আদালতের নিয়মিত কার্যক্রম। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে ১২ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় সারা দেশে অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ১২ এপ্রিল আদালতগুলোতে ২ হাজার ৪৩৩টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৬০৪, ১৩ এপ্রিল ৫ হাজার ১১০টি দরখাস্ত নিষ্পত্তি করে ৩ হাজার ২৪০, ১৫ এপ্রিল ৩ হাজার ৯৮৬টি দরখাস্ত নিষ্পত্তি করে ২ হাজার ৩৬০, ১৮ এপ্রিল ৩ হাজার ৩১৩টি দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৮৪২, ১৯ এপ্রিল ৩ হাজার ১৩৮টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৬৩৫, ২০ এপ্রিল ২ হাজার ৯৭৩টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ১ হাজার ৫৭৬, ২১ এপ্রিল ২ হাজার ৮৩১টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ১ হাজার ৩৪৯ ও ২২ এপ্রিল ৩ হাজার ৩২টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ১ হাজার ৫৯২ জন হাজতি জামিন পান। এ নিয়ে আট কার্য দিবসে মোট ২৬ হাজার ৮৪৮টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে ১৫ হাজার ২১৭ জন হাজতি আসামি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।