অক্সফোর্ডের টিকার মতো জনসনের টিকাও বিরল কিছু ক্ষেত্রে রক্ত জমাটের মতো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নিয়ন্ত্রক সংস্থা এই টিকার কার্যক্রম ১১ দিন স্থগিত রেখে আবার চালু করার সময় এমন সতর্কতার কথা জানিয়েছে।
দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন প্যানেল বলছে, রক্ত জমাটের যতটা শঙ্কা তার চেয়ে করোনায় মৃত্যুর শঙ্কা বেশি। তাই টিকাদান কর্মসূচি আবার চালু করা উচিত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮ মিলিয়ন মানুষকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ১৫ জনের মারাত্মক রক্ত জমাট বা ব্লাড ক্লটের সমস্যা দেখা যায়।
ইউরোপিয়ান নিয়ন্ত্রক সংস্থাগুলোও একই ধরনের সমস্যার কথা বলছে। তবে সবাই এই সমস্যাকে ‘বিরল’ বলে উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা চিকিৎসকদের সতর্ক করে বলেছেন, ব্লাড ক্লটের সাধারণ ওষুধ হেপারিন ভ্যাকসিনেটেড রোগীর ক্ষেত্রে ব্যবহার করলে অবস্থা আরও খারাপ হতে পারে।
ইউরোপে ভ্যাকসিন দেওয়ার পরে রক্ত জমাট বাঁধার প্রায় ৩০টি ঘটনা ঘটেছে। ইতালিতে রক্ত জমাট বেঁধে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মারা যাওয়ার খবরও পাওয়া গেছে। এগুলো হয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে, ভ্যাকসিনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।