নাটোরে ট্রাকের ধাক্কায় ২ মাদ্রাসাশিক্ষক নিহত

নাটোর-বগুড়া মহাসড়কের ফেরিঘাট ব্রিজ এলাকায় শনিবার সকাল ৮টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন শিক্ষক।

মৃতরা হলেন- নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক খলিলুর রহমান (৩৫) সিরাগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন পেচুয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং একই মাদ্রাসার নিহত শিক্ষক বেলাল হোসেন (৩৬) একই জেলা ও থানার দুমরাই গ্রামের আশরাফ আলীর ছেলে। আহত শিক্ষক আব্দুল হামিদ নাটোর সদরের তেবাড়িয়া এলাকার বাসিন্দা।

সিংড়া থানার এসআই কিশোর কুমার রায় জানান, মাদ্রাসার তিন শিক্ষক মোটরসাইকেলযোগে নাটোর থেকে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে পুরাতন ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান। আহত হন মোটরসাইকেল চালক আব্দুল হামিদ।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।