জয়পুরহাটে বাড়ির ড্রেনের পানি যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে রেজাউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সদর উপজেলার আমদই ইউনিয়নের পলিকাদোয়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রেজাউল ইসলাম সদর উপজেলার পলিকাদোয়া গ্রামের মৃত আব্দুল ওয়াব মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার আমদই ইউনিয়নের পলিকাদোয়া গ্রামে রেজাউল ও মোহাম্মদ আলমের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রেজাউলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা।
রেজাউল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
জয়পুরহাট থানার অফিসার ইনর্চাজ আলমগীর জাহান জানান, এ ঘটনায় নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। আসামিদের ধরার জোর চেষ্টা চলছে।