রাজধানীর মিরপুর পল্লবীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে উমামা বেগম কনক (৪০) নামে এক আওয়ামী লীগ নেত্রী নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস-এর ৭৪৩ নম্বর বাসায় তাকে কুপিয়ে আহত করে স্বামী।
গুরুতর আহত অবস্থায় কনককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহত কনক আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।
তার বড় বোন রুমা জানান, কনকের স্বামী ওমর ফারুক দীর্ঘদিন জাপান ছিল। দেশে আসার পর থেকে সে কিছুই করতো না। এ নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদ হতো।
তিনি বলেন, এর জের ধরে গত রাতে ফারুক ধারালো অস্ত্র দিয়ে কনককে কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়েছে।
রুমা জানান, কনককে কুপিয়ে আহত করার পর ফারুক বাসাতেই ছিল। এরপর সবার কাছে স্বীকারও করে যে সেই কুপিয়েছে।
কনকদের বাড়ি নরসিংদী সদর উপজেলায়। এক ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পল্লবী থানায় জানানো হয়েছে।