শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে চূড়ান্ত হতাশার একটা দিন পার করল বাংলাদেশ। ম্যাচের চতুর্থ দিনজুড়ে একটা উইকেটেরও দেখা পেল না টাইগার বোলাররা। নির্বিঘ্নে দিন পার করে দিলেন দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। তবে এখন পর্যন্ত যে চিত্র, তাতে শেষ দিনে নাটকীয় কিছু না হলে ড্ররই আভাস থাকল ম্যাচে।
শনিবার ৩ উইকেটে ৫১২ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয়েছে আগেভাগেই। প্রথম ইনিংসে এখনো ২৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। বাংলাদেশ ৭ উইকেটে ৫৪১ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ৮৫ রানে নতুন দিন শুরু করা করুনারত্নে তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। ব্যক্তিগত দেড় শ পেরিয়ে গেছেন ধনাঞ্জয়াও।
করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। চতুর্থ উইকেটে এই দুজন একই মধ্যে তুলেছেন ৩২২ রান। করুনারত্নে ৪১৯ বলে ২৫ চারে সাজান নিজের ইনিংস। ধনাঞ্জয়া এখন পর্যন্ত ২৭৮ বল খেলে ২০টি চার হাঁকিয়েছেন।
এদিন আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেনরা কেবল হাত ঘুরিয়ে গেছেন। সাফল্য পাননি স্পিনার মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরাও। নিয়মিত এই পাঁচ বোলারের সঙ্গে অধিনায়ক মুমিনুল হক ও সাইফ হাসানও হাত ঘুরিয়েছেন। তবে কিছুতেই কিছু হয়নি। ভাঙা যায়নি করুনারত্নে-ধনাঞ্জয়া জুটি।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট এটি। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।