দ্বিতীয়বার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
শনিবার দুপুরে বেগম জিয়ার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়।
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন বলেন, দুপুরের পরে বেগম জিয়ার দ্বিতীয়বার করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হয়েছে। আট ঘণ্টা পরে আমরা রিপোর্ট হাতে পাবো বলে আশা করছি।
এদিকে করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং শনিবার ও রবিবার তার কিছু পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘ম্যাডাম ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ এবং আগামীকাল আর কিছু পরীক্ষা করা হবে।’
এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত স্টাফরা সকালে করোনা টেস্ট করতে দিয়েছেন।
খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে মেডিকেল টিম কাজ করে যাচ্ছেন।
শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশের প্রায় সকল গণমাধ্যমে এ খবর প্রকাশের বেশ কয়েক ঘণ্টা পর জরুরি সংবাদ সম্মেলনে তা স্বীকার করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।