অস্ত্র উদ্ধারে গিয়ে মিলল নকল জর্দার কারখানা

রাজধানীর কোতয়ালী থানার কাজী জিয়া উদ্দিন লেনের একটি বাড়িতে অস্ত্র উদ্ধারে গিয়ে নকল জর্দার কারখানা খুঁজে পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার হোসেন বাদী হয়ে গত বুধবার রাজধানীর কোতয়ালী থানায় এ দুজনের বিরুদ্ধে মামলায় করেছেন।

এজহারে বাদী উল্লেখ করেন, ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাওর বাদামতলীর একটি বাড়িতে অস্ত্র ও মাদকদ্রব্য মওজুদ আছে। ডিবির অস্ত্র মাদক উদ্ধারের দায়িত্বে থাকা একটি দল অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের জন্য কোতয়ালী থানার বাদামতলী এলাকার ৩নং কাজী জিয়াউদ্দিন রোডের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায়।

এসময় তারা সেখানে ভবনের ভাড়াটিয়া বাসিন্দা জাহাঙ্গীর আলম ওরফে মওলার (৩৯) ভাড়া করা দুটি কক্ষে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে মমো ব্রাণ্ডের নকল জর্দা তৈরি করতে দেখেন।

জাহাঙ্গীর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করে। জাহাঙ্গীরের ভাড়া করা দুটি রুম থেকে মোট ২৩ হাজার ৪০ প্যাকেট মমো জর্দা উদ্ধার করা হয় যা বেশ কিছু বড় বড় কাজগের কার্টনে রক্ষিত ছিল।

জব্দ করার জর্দার ওজন ৪৬০ কেজি। জর্দার কৌটায় মমো ক্যামিকেল কোম্পানীর মনোগ্রাম ছিল এবং ইংরেজিতে মমোত ক্যামিকেল কোং ঢাকা, বাংলাদেশ লেখা ছিল।

জিজ্ঞাসবাদে জাঙ্গীর জানায়, তিনি ও তার কর্মচারী ফজেল রাব্বী (২৩) শুল্ক ফাঁকি দিয়ে অধিক লাভের আশায় মমো ব্রান্ডসহ বিভিন্ন ব্রান্ডের নকল জর্দা তৈরি ও বাজারজাত করে আসছিলেন। তারা বাজার থেকে আসল জর্দা কিনে অবিকল নকল প্যাকেট, লোগো, ডিজাইন তৈরি করেন।

অভিযান তদারকীকে থাকা ডিবি পুলিশের সহকারী কমিশনার ফজলুর রহমান শনিবার জানান, তামাক ও তামাকজাত পণ্যে উচ্চ শুল্ক দিতে হয়। শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে একটি চক্র পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জর্দা ও বিড়ি সিগারেটের নকল পন্য উৎপাদন ও বাজারজাত করছে। তাদের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে।