সেতুমন্ত্রীর বোনের বাসায় ককটেল নিক্ষেপ, অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন তাহেরা বেগমের (৬৯) বাসায় ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে মন্ত্রীর ছোট বোনের বাসা তাহেরা মঞ্জিলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

পুলিশ জানায়, রবিবার সকাল ১০টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কোর্ট বিল্ডিং সংলগ্ন ওই বাসার পাশে পুকুর ও আশপাশ থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো উদ্ধারের পর পানির বালতির মধ্যে ডুবিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ৫টি ককটেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

সেতুমন্ত্রীর ভাগনে হুমায়ন রশীদ মিরাজ দেশ রূপান্তরকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে মির্জা কাদেরের অনুসারী বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের কেচ্ছা রাসেল, সাজু, দীপক ৯ নম্বর ওয়ার্ডের জিসানসহ ১০-১২ জন আমাদের বাসার পেছন থেকে বাসাকে লক্ষ্য করে ককটেল হামলা চালায়। বাড়ির পেছনে পুকুর থাকায় নিক্ষেপিত ককটেলগুলোর মধ্যে ৫টি পুকুর ও আশপাশ থেকে উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, ১৫ থেকে ১৬টি ককটেল নিক্ষেপ করা হয় যার বেশির ভাগই দেয়ালে লাগে। একটি জানালার ফাঁক দিয়ে ঘরে এসে পড়ে। হামলা কারীরা মোটরসাইকেলযোগে এসেছিল।