ফলটা অনুমিতই ছিল। শেষ দিনে নাটকীয় কিছু না ঘটলে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট যে ড্র হতে যাচ্ছে, এমন বার্তা মিলছিল ম্যাচের তৃতীয় দিন শেষ হতেই। পঞ্চম ও শেষ দিন শেষে হলোও তাই।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ড্রই হয়েছে। এই ড্রয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম পয়েন্টের দেখা পেল বাংলাদেশ।
রবিবার ৮ উইকেটে ৬৪৮ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। লাঞ্চের পর সফরকারী বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে। ২ উইকেটে ১০০ রান তোলার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত খেলা আর মাঠে না গড়ালে ড্র হয় ম্যাচ। তাতে দেশের বাইরে টানা ৯ টেস্ট হারার পর একটি ম্যাচ বাঁচাতে পারে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশ প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান তুলেছিল। লঙ্কানরা প্রথম ইনিংস ঘোষণার পর ১০৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ সাইফ হাসানকে দ্রুতই হারায়। দলীয় ২১ রানে ফিরে যান সাইফ। মাত্র ১ রান করে তিনি। প্রথম ইনিংসে করেছিলেন শূন্য। এদিকে প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি।
তবে তামিম ইকবাল দুর্দান্ত খেলে তুলে নেন ফিফটি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৯৮ বলে ৭৪ রান করেন তিনি ১০ চার ও ৩ ছক্কায়। মুমিনুল হক অপরাজিত ছিলেন ২৩ রানে। প্রথম ইনিংসে মুমিনুল খেলেছিলেন ১২৭ রানের ইনিংস। তামিম করেন ৯০ রান।
ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। লঙ্কানদের পক্ষে যিনি ২৪৪ রানের ইনিংস খেলেন। বৃহস্পতিবার একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।