রূপগঞ্জে ৫০ হাজার বাসিন্দাকে খাদ্যসেবা দিয়েছে রংধনুর ‘জনবান্ধব গাড়ি’

‘স্বল্প মূল্যে তাড়াতাড়ি, খাবার যাবে আপনার বাড়ি’ স্লোগান নিয়ে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের নির্দেশে রমজান মাসজুড়ে মানবতার সেবায় খাদ্য সামগ্রী বিতরণ করছে রংধনু গ্রুপের ‘জনবান্ধব গাড়ি’। এখন পর্যন্ত উপজেলার ৫০ হাজার বাসিন্দাকে এর মাধ্যমে খাদ্যসেবা দেয়া হয়েছে। 

এরই ধারাবাহিকতায় রবিবার দিনব্যাপী উপজেলার তারাবো পৌরসভায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাজার মূল্যের অর্ধেক দামে খাদ্য সহায়তা প্রদানকারী ‘জনবান্ধব গাড়ি’র ব্যবস্থাপনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান।

এদিন সকালে জনবান্ধব কর্মসূচির কয়েকটি গাড়ি তারাবো পৌরসভার পৌর বাজারের দক্ষিণপাড়া, হাটিপাড়া, বৌ বাজার, বরপা, শান্তি নগর, বরাবো, কান্দাপাড়া, রূপসী ও মাসাবো এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে। এই গাড়িটি পরিচালনা করছেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ও জনবান্ধব কার্যক্রমের ধারাবাহিকতায় রংধনু গ্রুপের এমন কার্যক্রম বলে জানান চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। তিনি বলেন, করোনা ভাইরাসের প্রকোপে পরে সাধারণ মানুষ কষ্টে রয়েছ। এ কারণে গত সপ্তাহে ২০ হাজার পরিবারকে বিনা মূল্যে খাদ্য সহায়তা দিয়েছে রংধনু ও বসুন্ধরা গ্রুপ। এই ধারাবাহিকতা ধরে রাখতে বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে চালু করা হয়েছে জনবান্ধব গাড়ি। শুধু করোনাভাইরাস নয়, প্রতিটি দুর্ভোগ-দুর্যোগে রূপগঞ্জবাসীর পাশে ছিল রংধনু গ্রুপ। আগামী দিনেও এই ধারাবাহিকতা ধরে রেখে কাজ করার প্রত্যয়ে ব্যক্ত করেন তিনি।