ভারতে করোনা মহামারীর প্রাদুর্ভাব আজ বিশ্বের অন্য দেশগুলোর কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত ও অনেকেই মারা যাচ্ছে। গতকাল রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশে এখন প্রতি মিনিটে ২৪৩ জন করোনায় আক্রান্ত হচ্ছে। গত চার দিন ধরে ভারতে প্রতিদিন সাড়ে ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে।
গত তিন দিনে ভারতে ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। অথচ এই ভারতেই কয়েক মাস আগেও ৬৫ দিন লেগেছিল ১০ লাখ মানুষ আক্রান্ত হতে। গত সেপ্টেম্বরে যখন করোনার প্রথম ঢেউ আঘাত হানে দেশটিতে, তখনো অন্তত গড়ে ১১ দিন লেগেছিল ১০ লাখ আক্রান্ত হতে। বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। এরপরই উত্তর প্রদেশ, কর্ণাটক এবং কেরালা রয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই দেশটিতে শুরু হয়েছে তীব্র অক্সিজেন সংকট। অক্সিজেনের উৎপাদন পর্যাপ্ত থাকলেও সরবরাহ সমস্যার কারণে অনেক মানুষ অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছে। দিল্লির হাসপাতালগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। গত সাত দিন ধরে হাসপাতালগুলো অক্সিজেনের জন্য এসওএস বার্তা দিয়ে আসছে। মহারাষ্ট্রের একটি হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় এক রাতেই ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়।