অসুস্থ কৃষকের ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান

নওগাঁর ধামইরহাটে অসুস্থ কৃষক আবদুল জলিলের জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ধামইরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান। চলমান ‘লকডাউনে’ শ্রমিক সংকট ও অর্থের অভাবে ধান কাটাতে না পারার হতাশায় অসুস্থ হয়ে পড়েন হরিতকীডাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে কৃষক আবদুল জলিল (৬০)। এ খবর পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামইরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান পরিষদের সদস্য (মেম্বার) ও দলীয় নেতাকর্মীদের নিয়ে অসুস্থ ওই কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন।

গতকাল রবিবার সকাল ১০টায় হরিতকীডাঙ্গা মাঠে ১ বিঘা জমির ধান কাটার কাজে চেয়ারম্যানের সঙ্গে অংশগ্রহণ করেন ইউপি সদস্য ও উপজেলা শ্রমিক লীগের সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, ইউপি সদস্য মিজানুর রহমান, আব্দুল মান্নান, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

অসুস্থ কৃষক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।