শিরোপা নিশ্চিতের ম্যাচে হার বায়ার্নের

জিতলেই বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত বায়ার্ন মিউনিখের। এমন ম্যাচে শনিবার মেইঞ্জের কাছে ১-২ গোলে হেরে যায় তারা। ৮ ম্যাচ পর হারের তিক্ত স্বাদ পেল হান্স ফ্লিকের দল। ৩১ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে বায়ার্নের পয়েন্ট ৭১। বুন্দেসলিগায় একেকটি দলের খেলা ৩৪টি। সে হিসেবে বায়ার্নের বাকি আর ৩ ম্যাচ। অর্থাৎ ৯ পয়েন্ট। তবে গতকালই শিরোপা নিষ্পত্তি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু স্টুটগার্টকে ২-০ গোলে হারিয়ে অপেক্ষাটা বাড়িয়েছে আরবি লাইপজিগ। ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৬৪। পরের ম্যাচটা জিতলেই শিরোপা নিশ্চিত হবে বায়ার্নের। শনিবার নিজেদের মাঠে তৃতীয় মিনিটে জনাথান বুর্কহার্টের গোলে এগিয়ে যায় স্বাগতিক মেইঞ্জ। ৩৭ ফিলিপের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রবিন কুয়াইসন। ম্যাচের ইনজুরি সময়ে বায়ার্নের হয়ে ব্যবধান কমান ইনজুরি কাটিয়ে দলে ফেরা রবার্ট লেভানডোস্কি। এবার লিগে এটি লেভার ৩৬তম গোল।