কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান কেনা হবে : রাজ্জাক

চলতি বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে উপযুক্ত মূল্যে ১৫ লাখ টন ধান ক্রয় করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

গতকাল রবিবার দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাধরের হাওরে বোরো ধান কর্তন উৎসব উপলক্ষে আয়োজিত এক কৃষক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, হাওরের কৃষকদের কল্যাণে সরকার ইতিমধ্যে তিন হাজার কোটি টাকার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় চলতি বছর থেকে ধান কাটার মেশিন, ধান শুকানোর মেশিন ও ধান রোপণের মেশিন স্বল্প মূল্যে কৃষকদের সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া ৭০ ভাগ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টিং মেশিন ও রিপার মেশিন কৃষকদের প্রদান করছে।

তিনি আরও বলেন, হাওরের কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে কৃষিবিজ্ঞানীরা উন্নত জাতের এবং কম সময়ে অধিক ফলন দিতে সক্ষম ধানের জাত উদ্ভাবনের চেষ্টা করে যাচ্ছে। এ জন্য কিশোরগঞ্জের ইটনায় একটি ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপনের কাজ চলছে।