ঘরের আলমারির চাবি না দেয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

মুখোশধারী সন্ত্রাসীরা ঘরে ঢুকে আলমারির চাবি চেয়ে না পেয়ে হত্যা করেছেন এক ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামে।

নিহত দেবাশীষ কুমার সরকার সঞ্জয় (৪৩) কাঠ ব্যবসায়ী ছিলেন। তাকে রক্ষা করতে গিয়ে মা মিনতী সরকার, স্ত্রী নিপা সরকার ও একমাত্র মেয়ে দেবিকা সরকার মারাত্মক জখম হন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নিপা সরকারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা জানান, ভোররাতে ৫/৭জন মুখোশধারী সন্ত্রাসী সঞ্জয়ের বাড়িতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে প্রবেশ করে।

তারা সঞ্জয়ের কাছে আলমারির চাবি চাইলে তিনি দিতে অস্বীকৃতি করলে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। এ সময় তার স্ত্রী নিপা, মা মিনতী ও মেয়ে দেবিকা তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকে রড দিয়ে পেটানো হয়। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ সময় তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সঞ্জয়ের মৃত্যু হয়।

অভয়নগর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, চুরি না ডাকাতির উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, সঞ্জয় ওই চক্রের কাউকে চিনে ফেলায় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে।