জন্মের তিন ঘণ্টা পর দুই মাথাওয়ালা শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে দুই মাথাওয়ালা একটি শিশু জন্মের তিন ঘণ্টা পর মারা গেছে। সোমবার সকালে পৌর সদরের দ্য ইস্টার্ন সার্জিক্যাল ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুর জন্ম হয়।

জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা গ্রামের মো. সুমন মোল্যার স্ত্রী মোসা. সাথী আক্তার (১৯) অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য সকালে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দ্য ইস্টার্ন সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি হন। এরপর গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলা ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. তাপস কুমার বিশ্বাস ওই ক্লিনিকে তার অস্ত্রোপচার করলে দুই মাথাওয়ালা এক শিশু জন্মগ্রহণ করে। শিশুটির অবস্থা সংকটজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা মো. সুমন মোল্যা জানান, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সাড়ে ১১টার দিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডা. তাপস কুমার বিশ্বাস বলেন, আলট্রাসনোগ্রাম রিপোর্টে উল্লেখ ছিলো জমজ সন্তানের কথা। কিন্তু অপারেশনের পর দেখতে পাই কনজয়েন বেবি (সংযুক্ত)। মা সুস্থ থাকলেও শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষনা করে।