গাজীপুরের কালিয়াকৈরে প্রাণনাশের ভয় দেখিয়ে নিজ মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বোর্ডমিল পাশাগেইট এলাকার এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে ইব্রাহিম সরকার নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ইব্রাহিম গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার জালাল উদ্দিনের ছেলে। পরিবার নিয়ে কালিয়াকৈরের বোর্ডমিল পাশাগেইট এলাকায় ভাড়া থাকত সে।
স্থানীয়রা জানান, ইব্রাহিম একজন চিহ্নিত মাদকসেবী। পরিবারের প্রতি তার কোনো দায়িত্ববোধ ছিল না। নিজে কোনো আয়-উপার্জনও করত না। স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করে সংসার চালান তার স্ত্রী। বাসায় স্ত্রীর অনুপস্থিতিতে হত্যার ভয় দেখিয়ে নিজ মেয়েকে একাধিকবার ধর্ষণ করে ইব্রাহিম। একপর্যায়ে ঘটনাটি জানতে পেরে গতকাল সকালে ৯৯৯ সার্ভিসে ফোন করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন ইব্রাহিমের স্ত্রী। এরপর দুপুরের দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ।
কালিয়াকৈর থানার এসআই মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন।