ভার্চুয়াল শুনানি

৯ দিনে জামিনে মুক্ত হলেন ১৭ হাজার হাজতি

সারা দেশের অধস্তন আদালত ও ট্রাব্যুনালে ভার্চুয়াল শুনানি শেষে আরও ১ হাজার ৮৩৯ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। এ নিয়ে ৯ কার্যদিবসে ৩০ হাজার ৫০০টি মামলায় মোট ১৭ হাজার ৫৬ জন হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। এর মধ্যে ১৯০ শিশু রয়েছে।

গতকাল সোমবার এসব তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মানুষের চলাচল ও কার্যক্রমের ওপর সরকার ঘোষিত বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে বিচারিক আদালতের নিয়মিত কার্যক্রম। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে ১২ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি হচ্ছে।