ঢাবি ঘ ইউনিট পরীক্ষার্থীদের জন্য পরামর্শ

নবম শ্রেণিতে বিভাগ নির্বাচনের সময় একজন শিক্ষার্থীর যে স্বপ্ন থাকে সময়ের সঙ্গে সে স্বপ্ন পরিবর্তিতও হতে পারে। বিভাগ পরিবর্তনের মাধ্যমে অন্য বিষয়ে উচ্চশিক্ষালাভে স্বপ্ন গড়ে উঠতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সুযোগ রয়েছে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা ঘ ইউনিটের মাধ্যমে বিভাগ পরিবর্তন করে পছন্দনীয় বিষয়ে পড়তে পারে। এ বছর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ধরন পাল্টেছে। সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে। জানাচ্ছেন বিপুল জামান

এবারের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন পরিবর্তিত হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় বহুনির্বাচনী ও লিখিত, দুই পদ্ধতিতেই উত্তর করতে হবে। বহুনির্বাচনী অংশে ৬০ নম্বর এবং লিখিত অংশে ৪০ নম্বর নির্ধারিত থাকবে। বাংলা, ইংরেজি বিষয়ে ১৫টি করে এবং সাধারণ জ্ঞান বিষয়ে ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটির মান ১ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। তাই এলোপাতাড়ি উত্তর করা থেকে বিরত থাকা উচিত।

বাংলা ও ইংরেজি বিষয়ে উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে। বাংলা বিষয়ে ভালো করার জন্য গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদির লেখক পরিচিতি ভালো করে পড়তে হবে। বিশেষ করে জন্ম-মৃত্যু সন তারিখ, পুরস্কার, সমাদৃত গ্রন্থ, ছদ্মনাম ইত্যাদি। গল্প, কবিতা, প্রবন্ধের ভেতর থেকেও বহুনির্বাচনী প্রশ্ন আসে। তাছাড়া সংশ্লিষ্ট পাঠ পরিচিতি ও পাঠের উদ্দেশ্য থেকেও প্রশ্ন আসতে পারে। ব্যাকরণ অংশে ভালো করার জন্য এক কথায় প্রকাশ, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান, শব্দের শ্রেণি বিভাগ, প্রায় সমোচ্চারিত ভিন্ন শব্দ, বাগধারা, সমাপিকা-অসমাপিকা, বাক্যের শ্রেণি বিভাগ ইত্যাদি বিষয় মনোযোগ দিয়ে পড়তে হবে। অপর দিকে ইংরেজি বিষয়ে ভালো করতে General English, Comprehension, Short paragraph, Explanation (Explain with the reference to the Context), Rearranging, Translation, Punctuation, Gap filling with & without clues, Sentence making, Changing and Transformation of sentences ইত্যাদি বিষয়ে গুরুত্ব দিতে হবে।

সাধারণ জ্ঞান বিষয়ের প্রশ্ন মূলত বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে করা হয়ে থাকে। সাধারণ জ্ঞানে ভালো করতে হলে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর নজর রাখতে হবে। নিয়মিত সংবাদপত্র পাঠ করলে ফল পাবে। তাছাড়া মাধ্যমিক পর্যায়ের গণিত ও আইসিটি বিষয়েও প্রশ্ন আসবে। তাই বিভাগ নির্বিশেষে মাধ্যমিকের গণিত ও আইসিটি অনুশীলন করা ভালো। তাছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয় থেকে বহুনির্বাচনী ও লিখিত অংশে একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সাধারণ জ্ঞানের লিখিত অংশে আন্তর্জাতিক বিষয়ে বিশ্লেষণাত্মক প্রশ্ন আসতে পারে। তাই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে ভালো করতে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা নিয়ে সংবাদ পত্রের বিশ্লেষণাত্মক সম্পাদকীয় পড়তে পারো। এতে ভাষাজ্ঞান সমৃদ্ধ হবে, বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পরীক্ষার খাতায় জটিল বিষয়ও সহজ সরলভাবে উপস্থাপনে দক্ষ হয়ে উঠবে।