পাকিস্তানকে ৯৯ রানে অলআউট করে দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের নায়ক ছিলেন লিউক জঙ্গুই। পাঁচ বছর পর জাতীয় দলে ফেরা এই পেসার ১৮ রানের বিনিময়ে নিয়েছিলেন ৫ উইকেট। প্রথম ও শেষ ম্যাচ মিলিয়ে নেন আরও ৫টি। সব মিলিয়ে সাদা বলে ৩ ম্যাচে ১০ উইকেট শিকারিকে লাল বলের দলে নিয়েছে জিম্বাবুয়ে।
পাকিস্তানের বিপক্ষে কাল থেকে শুরু দুই টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দলে জঙ্গুই ছাড়াও নবাগত আছেন আরও কয়েকজনÑ ফাস্ট বোলার তানাকা চিভানগা, বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা, বাঁহাতি স্পিনার মিল্টন শুম্বা, অফস্পিনার রয় কাইয়া। এরা আন্তর্জাতিক ম্যাচ খেললেও চিভানগা প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের ছয় মাস পরই টেস্ট দলে ডাক পেলেন। প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন ব্রেন্ডন টেইলর। তবে আফগানিস্তানের বিপক্ষে দলে না থাকা ক্রেইগ আরভিন পায়ের পেশির চোটের কারণে এবারও ডাক পাননি। আগের টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন চারজন। তারা হলেন রায়ান বার্ল, ওয়েসলি মাধেভেরে, রিচমন্ড মুতুমবামি, ব্রেন্ডন মাভুতা। ইনজুরির কারণে সিকান্দার রাজা দলে নেই।
জিম্বাবুয়ে টেস্ট দল : শন উইলিয়ামস (অধিনায়ক), রেজিস চাকাভা, তেন্ডাই চিসোরো, তানাকা চিভানগা, লিউক জঙ্গুই, রয় কাইয়া, কেভিন কাসুজা, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভাউরে, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো।