গণপরিবহন চালুর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেছেন বাস চালকরা। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে মহানগরীর বোর্ডবাজার এলাকায় তারা এ অবরোধ করেন। পরে গাছা থানা পুলিশ খাদ্য সহায়তার আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেন।
বোর্ডবাজার এলাকায় আল-হেরা সিএনজি পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অবরোধ করা হয়। বলাকা ও ভিআইপি পরিবহনের ২০-২৫ জন চালক মহাসড়কে ইট-সিমেন্টর ব্লক দিয়ে প্রায় ২০ মিনিট অবরোধ করে রাখেন।
অবরোধকারীরা জানান, ‘লকডাউনে’ গাড়ি চালাতে না পারায় তাদের কারও ঘরে খাবার নেই। মা-বাবা ও ছেলেমেয়েদের মুখে খাবার দিতে পারছি না। কঠিন কষ্টের মধ্য দিয়ে চলছে তাদের জীবন-যাপন। কিন্তু সরকারের কোনো প্রতিনিধি বা বাসের মালিক ও শ্রমিক সংগঠনের কোনো নেতা তাদের খোঁজ-খবর নিচ্ছেন না। তাদের দাবি, সব কিছু যেভাবে চলছে ঠিক একইভাবে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও চালাতে দেওয়া হোক।