গোলাগুলির টিকটক বানিয়ে দুবাইয়ে কারাগারে বাংলাদেশি

ভিডিওতে নকল গুলির শব্দ জুড়ে দিয়ে টিকটক করায় এক বাংলাদেশি রেস্টুরেন্টকর্মীকে ৬ মাসের সাজা দিয়েছে দুবাইয়ের আদালত।

আদালতকে উদ্ধৃত করে বুধবার গালফ নিউজ জানিয়েছে, দুবাইয়ের একটি পার্কিং লটে ৩৪ বছর বয়সী ওই বাংলাদেশি গুলির শব্দ এবং মানুষের চেঁচামেচির শব্দ জুড়ে দিয়ে একটি ভিডিও তৈরি করেন।

চলতি বছরের জানুয়ারিতে নিজের টিকটক অ্যাকাউন্টে তিনি ভিডিওটি পোস্ট করেন। এরপর সেটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি দেখে অনেকে সত্যিকারের গোলাগুলির কথা ভাবেন। পুলিশ তদন্তে নেমে বুঝতে পারে, এটি ভুয়া শব্দ।

এরপর অভিযুক্তকে গ্রেপ্তারের পর ভিডিওটি ডিলিট করা হয়। ওই টিকটক অ্যাকাউন্টও ব্লক করা হয়েছে।

দুবাইয়ের জনকল্যাণ আইন ভঙ্গ করার অভিযোগে প্রবাসীকে সাজা দেয়ার কথা জানিয়েছেন আদালত।

কারাদণ্ডের পাশে তাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।