ভার্চুয়াল শুনানি: ১১ দিনে জামিন ২০ হাজার হাজতির

সারা দেশের অধস্তন আদালত ও ট্রাব্যুনালে ভার্চুয়াল শুনানি শেষে আরও ১ হাজার ৩৯৫ হাজতি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। এর মধ্যে ৩৫ শিশু রয়েছে।

এ নিয়ে ১১ কার্যদিবসে ৩৬ হাজার ২৪০টি মামলায় শুনানির মাধ্যমে ২০ হাজার ৩৯ জন হাজতি জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

এই সময়ে ৩৬৫ মামলায় জামিন পেয়েছে ২৪৬ শিশু। এসব তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মানুষের চলাচল ও কার্যক্রমের ওপর সরকার ঘোষিত বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে বিচারিক আদালতের নিয়মিত কার্যক্রম।

সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১২ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিলআদালতগুলোতে ২ হাজার ৪৩৩টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল৫ হাজার ১১০টি দরখাস্ত নিষ্পত্তি করে ৩ হাজার ২৪০ জন, ১৫ এপ্রিল৩ হাজার ৯৮৬টিদরখাস্ত নিষ্পত্তি করে দুইহাজার৩৬০ জন, ১৮ এপ্রিল ৩ হাজার ৩১৩টি দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল ৩ হাজার ১৩৮টি জামিনের দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৬৩৫ জন, ২০ এপ্রিল ২ হাজার ৯৭৩টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ১ হাজার ৫৭৬ জন, ২১ এপ্রিল ২ হাজার ৮৩১টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ১ হাজার ৩৪৯ জন, ২২ এপ্রিল ৩ হাজার ৩২টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ১ হাজার ৫৯২ জন, ২৫ এপ্রিল ৩ হাজার ৬৫২ জামিনের দরখাস্ত নিষ্পত্তি করে ১ হাজার ৮৩৯ জন, ২৬ এপ্রিল ৩ হাজার ২৩টি আবেদন নিষ্পত্তি করে ১ হাজার ৫৯৩ জন এবং ২৭ এপ্রিল ২ হাজার ৭২৮টি আবেদন নিষ্পত্তি করে ১ হাজার ৩৯৫জনসহ মোট ২০ হাজার ৩৯ জন জামিন পেলেন।