করোনামুক্ত হলেন ধোনির বাবা-মা

করোনাভাইরাস থেকে সেরে উঠলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাবা পান সিং এবং মা দেবকী সিং। গত সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার পর রাঁচির একটি বেসরকারি হাসপাতালে তাদের ভর্তি করা হয়।

আইপিএলে বুধবার সাইরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। বাবা-মার করোনামুক্ত হওয়ার স্বস্তির খবর শুনেই মাঠে নেমেছেন তিনি।

বাবা-মার করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েও রাঁচি যেতে পারেননি ধোনি। একদিকে আইপিএলে পরপর ম্যাচ। তার উপর একবার জৈব সুরক্ষা বলয় থেকে বের হলে ফের সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সে কারণেই ফোনের মাধ্যমে খোঁজখবর নেওয়া থেকে, মা-বাবার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা তিনি নিয়েছেন।

এই ঘটনা অবশ্য আইপিএলের ম্যাচে কোনো প্রভাব পড়তে দেননি ধোনি। হায়দরাবাদ ম্যাচের আগে নিজেদের পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে ধোনির চেন্নাই।