ড্র-য়ে খুশি থাকার মানসিকতায় বদল চান ডমিঙ্গো

ড্র-য়ে খুশি থাকা নয়, বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে টেস্ট ম্যাচ জয়ের মানসিকতা চান কোচ রাসেল ডমিঙ্গো।

শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্ট ড্র করে বাংলাদেশ। এই ফরম্যাটে বেশ কিছুদিন ধরেই টাইগারদের পারফরম্যান্স যাচ্ছে-তাই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ তে হোয়াইটওয়াশ হয় মুমিনুল হকের দল। যে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে এসেছিল এক ঝাঁক তারকা ক্রিকেটার ছাড়াই।

তাই লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়াকেই বড় প্রাপ্তি বলছিলেন অনেকে। কিন্তু ডমিঙ্গোর মত ভিন্ন। বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে বললেন, ‘ড্র টেস্টকে বড় সাফল্য হিসেবে দেখাটা হতাশাজনক।’

এই দক্ষিণ আফ্রিকান কোচের ব্যাখ্যা, ‘আমি এখানে টেস্ট ড্র করতে আসিনি। আমরা টেস্ট হারতে চাই না, কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আমাদের জেতার জন্য খেলতে হবে। ড্রতে খুশি হলে চলবে না। আমি ছয়-সাতটা টেস্টে দলের সঙ্গে আছি। আমার মনে হয়, আমি দলের সংস্কৃতিটা এখন বুঝি। আমি জানি কোথায় উন্নতি করতে হবে। বিশেষ করে টেস্ট ক্রিকেটের মানসিকতার জায়গাটায় উন্নতি দরকার।’

এই মানসিকতা পরিবর্তনে যে সময় লাগবে সেটা মানছেন ডমিঙ্গো। আর মেনেই বলছেন, ‘এখনো অনেক দূর যাওয়া বাকি। এখানো আমাদের মধ্যে টেস্ট হারার ভয় কাজ করে। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের জেতার জন্য খেলতে হবে। মানসিকতায় এই পরিবর্তন আনতে কিছুটা সময় লাগবে। আমরা যদি মানসিকতা না বদলাই, তাহলে সবসময়ই গড়পড়তা ফলাফলে খুশি থাকতে হবে। আমি এমন কিছুর অংশ হতে চাই না।’

ডমিঙ্গো যোগ করেন, ‘আমি দলটাকে সামনে নিয়ে যেতে চাই, যেন তারা জেতার জন্য খেলে। আমরা কঠিন কন্ডিশনে আগে ব্যাট করতে চাই, ইনিংস ঘোষণা করতে চাই যেন প্রতিপক্ষকে আউট করার সময় থাকে। ভালো টেস্ট জাতি হতে চাইলে এসব পরিবর্তন আনতে হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট জিতে সিরিজ নিজেদের করার লক্ষ্যের কথাও জানিয়েছেন ডমিঙ্গো।