গত বছর যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি ছিল খুব খারাপ। কিন্তু এ বছর বিশ্বের অন্য দেশগুলোতে যখন করোনার ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে তখন যুক্তরাষ্ট্র প্রশাসন তার নাগরিকদের মাস্ক ছাড়া চলার নির্দেশনা দিয়েছে। তবে মাস্ক ছাড়া তারাই কেবল চলাফেরা করতে পারবেন যারা ইতিমধ্যে ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন। সম্প্রতি দেশটির স্বাস্থ্য বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করেছে বলে জানিয়েছে সিএনএন।
করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই গত মঙ্গলবার রাতে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই নতুন নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকা অনুযায়ী যারা ফাইজার বা মডার্নার দুটি ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের একটি ডোজও নেননি, তাদের রেস্তোরাঁ বা কোনো জমায়েতে এখনো মাস্ক পরা বাধ্যতামূলক। আর যারা টিকার দুটি ডোজই শেষ করেছেন, তারা ছোট জমায়েতে মাস্ক ছাড়াই যেতে পারবেন। তবে কনসার্ট বা খেলাধুলার প্রতিযোগিতার মতো বড় জমায়েতে সবাইকেই মাস্ক পরতে হবে।
মূলত করোনাকালে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রা ফের স্বাভাবিক করতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে বলে মনে করছেন সে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সিডিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাদের একাংশ।