উদ্বিগ্ন প্রিয়াঙ্কা

করোনায় নাজেহাল ভারত। এই কঠিন সময়ে ভারতের পাশে থাকার জন্য অনুরোধ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার টিমের গুরুত্বপূর্ণ সদস্যদের ট্যাগ করে একটি টুইট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গত মঙ্গলবার টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে যাচ্ছে। ভারত কভিড-১৯ নিয়ে ভুগছে। আমেরিকার প্রয়োজনের চেয়ে বেশি ৫৫০ মিলিয়ন ভ্যাকসিন অর্ডার করেছে। বিশ্বজুড়ে অ্যাস্ট্রাজেনেকা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি অত্যন্ত জটিল। আপনারা কি জরুরি ভিত্তিতে আমাদের সঙ্গে ভ্যাকসিন ভাগ করে নিতে পারবেন?’

প্রিয়াঙ্কার এই টুইট মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। দেরিতে হলেও টুইটারে এমন টুইট করায় প্রিয়াঙ্কার প্রশংসা করেছেন অনেকে। আবার কেউ কেউ প্রিয়াঙ্কাকে নিয়ে ট্রল করছেন।

বাইডেনের সঙ্গে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনে দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। বাইডেন জানিয়েছেন, ভারতের করোনা সংকটে আমেরিকা পাশে থাকবে। ভারতকে টিকা তৈরির কাঁচামাল রপ্তানি অব্যাহত রাখবে আমেরিকা।

এদিকে, গত মার্চে অস্কার কর্তৃপক্ষ এ বছরের চূড়ান্ত মনোনয়নের তালিকা প্রকাশ করার দায়িত্ব দিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী হলিউড তারকা নিক জোনাসকে। মনোনয়ন ঘোষণা শেষে অস্কারের স্মারক ভাস্কর্যটি বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তারা, যেন বোঝাচ্ছিলেন, মনোনয়ন তো হলো, অস্কারও চাই তাদের। এবারের অস্কারের সঙ্গে প্রিয়াঙ্কার যোগসূত্রও ছিল। অস্কার মনোনয়ন পেয়েছিল তার প্রযোজিত ও অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’। তবে ছবিটি পুরস্কার জিততে পারেনি। এমনকি অস্কারের মূল আয়োজনে দেখা যায়নি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতিকে। এমনিতে  করোনা আবহে বেশ খানিকটা ফিকে অস্কারের রং। সামাজিক দূরত্ব রেখে বসেছিলেন সবাই। পুরস্কার ঘোষণার পর ছিল না আপনজনকে জড়িয়ে ধরার উচ্ছ্বাস। তবে ভারতীয়দের জন্য অস্কারের আসর আরও মøান হয়েছে রেড কার্পেটে নিজের দেশের অভিনেত্রীর অনুপস্থিতিতে। আপাতত কাজের সূত্রে লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাই স্বাভাবিকভাবেই অস্কার অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন নায়িকা।