বরিশালে পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে ৯ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নগরীর বিভিন্ন ফলের আড়ত ও দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম, আরাফাত হোসেন ও নিশাত ফারাবীর নেতৃত্বে নগরীর পোর্ট রোড, বাংলাবাজার ও বটতলা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম জানান, জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, বরিশালে প্রতি বছর মৌসুমি রসালো ফল পিস হিসেবে বিক্রি হয়। এ বছর শুরুর দিকে বরিশালের বাজারে পিস হিসেবে তরমুজ বিক্রি হলেও পরে কেজি দরে বিক্রি শুরু করেন বিক্রেতারা। এতে একেকটি বড় সাইজের তরমুজের দাম পড়ে ৭০০ থেকে ১০০০ টাকা।
এতে তরমুজ এবার সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। এতে ক্ষুব্ধ হন ক্রেতারা। এরপরই গত তিন দিন ধরে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।