লা লিগা পয়েন্ট টেবিলে আজ শীর্ষে ওঠার সুযোগ বার্সেলোনার সামনে। ক্যাম্প ন্যুতে গ্রানাদার সঙ্গে নিজেদের ৩৩তম ম্যাচ কাতালানদের। জিতলেই ৭৩ পয়েন্ট পাওয়া আতলেতিকো মাদ্রিদকে টপকে শীর্ষে উঠবে বার্সা। তাদের পয়েন্ট হবে তখন ৭৪।
কিন্তু একটা সময় এমন অবস্থানে ছিল বার্সা যে কোচ রোনাল্ড কোম্যানও ভাবতে পারেননি এতদূর আসবে তার দল। ‘পেছনে তাকিয়ে দেখবেন অবিশ্বাস্য একটা পরিস্থিতি। আমরা অনেক পিছিয়ে ছিলাম পয়েন্ট টেবিলে। বড় অর্জন করেছি আমরা। শিরোপার জন্য লড়াই করতে পারছি’ গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন এই ডাচ। লিগে শেষ ১৭ ম্যাচের ১৫টিই জিতেছে তারা। ২০২১ সালে হেরেছে শুধু রিয়াল মাদ্রিদের কাছে। গত ৯ জানুয়ারি গ্রানাদার মাঠে প্রথম লেগে লিওনেল মেসি ও আন্তোইন গ্রিজমান করেছিলেন দুটি করে গোল। তবে এ দু’দলের সবশেষ দেখা হয়েছিল গেল ৪ ফেব্রুয়ারি কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচের ৮৮ মিনিট ও ইনজুরি সময়ে সমতায় ফেরে বার্সেলোনা। অতিরিক্ত সময়ে গ্রানাদা আবার ১ গোল দেয়। কিন্তু বার্সা দুটি গোল করে শেষ পর্যন্ত ৫-৩ গোলে থ্রিলার জেতে। তাই আজ বাড়তি সতর্ক থাকতে হচ্ছে বার্সেলোনাকে।