আরমানিটোলায় অগ্নিকাণ্ড: দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর আরমানিটোলার রাসায়নিকের গুদামে লাগা আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে আইসিইউতে চিকসাধীন অবস্থায় আশিকুজ্জামানের (৩২) মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এই তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হলো।

পার্থ শংকর জানান, আশিকুজ্জামানের স্ত্রী ইসরাত জাহান মুনা (২৮) এখনও আইসিইউতে ভর্তি।

গত বৃহস্পতিবার ভোরে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলার অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস তিনজনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় দুজন রাসায়নিক গুদাম মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত শুক্রবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক ভাস্কর দেবনাথ, দক্ষিণ সিটি করপোরেশন ও বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে সিলগালা করা হয় হাজী মুসা ম্যানশন।