‘মাটির উপকারে’ অন্তর্বাস কবর দেয়ার ক্যাম্পেইন

কৃষক থেকে শুরু করে শতশত স্কুলশিক্ষক তাদের অন্তর্বাস কবর দেয়ার একটা ক্যাম্পেইনে সামিল হয়েছেন অস্ট্রেলিয়ায়। তারা সবাই সাদা কটনের অন্তর্বাস মাটিতে আট সপ্তাহের জন্য পুঁতে ফেলছেন।

অবাক করা এই ক্যাম্পেইনের ব্যাখ্যা পাওয়া গেছে আল-জাজিরার একটি প্রতিবেদনে। এটিকে ‘সিটিজেন সায়েন্স’ প্রজেক্টের অংশ বলা হচ্ছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, এই ক্যাম্পেইন প্রথম শুরু হয় যুক্তরাষ্ট্রে। অস্ট্রেলিয়ায় গত বছর থেকে বিস্তার লাভ করেছে।

কটন মূলত মাটির উর্বরতা বৃদ্ধির জন্য উপকারী।

এই ক্যাম্পেইনের অন্যতম উদ্যোক্তা ওলিভার কনক্স আল-জাজিরাকে বলেছেন, ‘কৃষকেরা রীতিমতো পাল্লা দিয়ে অন্তর্বাস পুঁতে ফেলছেন। তারা বলছেন, আমি বেশি পুঁতেছি তাই আমার মাটি বেশি ভালো।’

মাটির সুস্থ মাইক্রোবায়োমকে চারাগাছের প্রাণশক্তি বলা হয়। গবেষকেরা মনে করেন, এটি খাবারের পুষ্টিগুণও বাড়ায়।

ক্যাম্পেইনের আয়োজকেরা বলছেন, সাদা কটনের অন্তর্বাসের সেলুলোজ থেকে মাটির মাইক্রোবায়োম আরও শক্তিশালী হচ্ছে।

অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলকভাবে প্রায় ৪০০ মানুষ এই প্রজেক্টের অংশ হিসেবে তাদের অন্তর্বাস মাটিতে পুঁতেছেন, যাতে গবেষকেরা প্রভাব বুঝতে পারেন।

অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডেও ক্যাম্পেইনটি বেশ সাড়া ফেলেছে। অনেক স্কুলের শিক্ষকেরা তাদের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই ক্যাম্পেইনে সামিল হচ্ছেন।