প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই আমাদের বাঁচতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এবার প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল ও ভুটানে বৃষ্টিপাত কম হচ্ছে। উজানে পানির চাপ না থাকায় ভাটির দিকে পানি নেমে আসছে না। এ কারণে জোয়ারের সময় সমুদ্রের লবণাক্ত পানি নদীতে ঢুকছে।

বর্তমানে নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি। এই পরিস্থিতিতে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই আমাদের বাঁচতে হবে।’

বরিশালে ডায়রিয়া আক্রান্তদের জন্য আইভি স্যালাইন এবং ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

বৃহস্পতিবার দুপুর ১টায় বরিশাল সদর উপজেলায় ডায়রিয়া রোগীদের জন্য ১ হাজার আইভি স্যালাইন ও করোনায় কর্মহীন ১০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বৃষ্টি যদি আরও কিছুদিন না হয়, তাহলে লবণাক্ততা আরও বাড়তে পারে। বৃষ্টি হলে নদীতে লবণ পানি থাকতো না। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যুদ্ধ করার সাহস আমাদের আছে। যেভাবেই হোক না কেন এই সমস্যা আমাদের মোকাবিলা করতে হবে। সমস্যা আরও প্রকট হওয়ার আগেই কি ব্যবস্থা নেয়া যায় সে ব্যাপারে বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন। অবশ্যই এই সংকটক দূর হবে।

এর আগে সদর উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বরিশালের ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য ১ হাজার আইভি স্যালাইন জেলা সিভিল সার্জনের হাতে তুলে দেন।

এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ১০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা।