ছাত্র অধিকার পরিষদ নেতা আকরাম ২ দিনের রিমান্ডে

আসামি ছিনতাইয়ের মামলায় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইনকে দুদিনের রিমান্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে হাজির করা হলে তাকে দুদিনের রিমান্ড দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পরিদর্শক সাইফুল ইসলাম খান জানান, সাত দিন রিমান্ডের আবেদন করলেও হাকিম দুদিন রিমান্ডের আদেশ দেন।

আকরামের আইনজীবী খাদেমুল ইসলাম জামিন আবেদন করলেও তা নাকচ হয়ে যায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় সংঘাতের মামলায় এক আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আকরামকে গ্রেপ্তার করা হয়।

মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৫ মার্চ মতিঝিল থানায় ছাত্র ও যুব অধিকার পরিষদ একটি মিছিল বের করেছিল। তখন পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখান থেকে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিতে নিয়ে যায় পুলিশ। 

পুলিশ জানায়, সেখানে তাকে ছিনিয়ে নিয়ে যায় ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা। যা নিয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন পল্টন মডেল থানার এসআই রায়হান কবির।

সেই মামলায় আকরামকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। আকরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র।

এই মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বর্তমান সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহসহ মোট ১৯ জন আসামি।