ইংরেজিতে ভালো করতে

অনেক শিক্ষার্থীর কাছে ইংরেজি এক ভীতির নাম। কিন্তু অধিকাংশ উচ্চশিক্ষালয়ের ভাষা ইংরেজি। নিয়োগ পরীক্ষা ও ভাইভাগুলোতেও প্রার্থীর ইংরেজির দক্ষতা যাচাই করা হয়। তাই ইংরেজিকে ভয় না পেয়ে বরং জয় করার প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। ইংরেজিতে খারাপ করার কারণে সার্বিক ফলাফলের ওপরও প্রভাব পড়ে। ইংরেজিতে ভালো করার জন্য এক. ইংরেজিতে দক্ষ হতে হবে, দুই. পরীক্ষায় উত্তর উপস্থাপনে কৌশলী হতে হবে। জানাচ্ছেন বিপুল জামান

ইংরেজি পাঠ্যবইয়ের প্যারাগ্রাফ, রচনা, চিঠি-দরখাস্ত ইত্যাদি অনেক সময় মুখস্থ করতে হয়। পড়তে হয় অনেক কম্প্রিহেনশন। এসব ইংরেজি পড়ার সময় শব্দ করে জোরে জোরে পড়ো। জোরে পড়া দীর্ঘসময় মুখস্থ রাখতে সহায়তা করে। তাছাড়া জোরে জোরে পড়ার মাধ্যমে ইংরেজি বলতে যে দ্বিধা তা কেটে যাবে।

মুখস্থ করার বিষয়গুলো জীবনের বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে নাও। যেমন স্কুলের প্রথম দিন। নিজের স্মৃতিগুলোই নিজের ভাষায় ইংরেজিতে লিখে ফেলো। তারপর শিক্ষক বা অভিভাবককে দেখিয়ে নাও। এবার এটি পরীক্ষার জন্য আয়ত্ত করো। এর ফলে পরীক্ষার প্রস্তুতি যেমন হয়ে গেল তেমনি ইংরেজিতে লেখার চর্চাও হয়ে গেল।

হাইলাইট বা আন্ডারলাইন করে পড়ো। পড়ার সময় গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে যাও। পুনরায় পড়ার সময় পুরোটা পড়ার দরকার পড়বে না। দাগানো লাইনগুলোতে চোখ বুলিয়ে গেলেই হয়ে যাবে।

প্রত্যেকটি কম্প্রিহেনশন কয়েকবার করে পড়ো। প্রথমবারেই পুরোপুরি বুঝে ওঠা সম্ভব নাও হতে পারে। বাদ যেতে পারে গুরুত্বপূর্ণ লাইন। তাই কয়েকবার করে পড়াই উত্তম। তাছাড়া একাধিকবার পড়ার ফলে রিডিং স্কিলও বাড়ে।

পরীক্ষায় কম্প্রিহেনশনের উত্তর দেওয়ার ক্ষেত্রে সময় সাশ্রয় করা গুরুত্বপূর্ণ। তাই প্রথমেই একনজর দেখে নাও কম্প্রিহেনশনটি। এরপর প্রশ্নগুলো মন দিয়ে পড়ো। এবার পুরো কম্প্রিহেনশনটিতে উত্তর সংশ্লিষ্ট লাইনগুলো খুঁজে দাগিয়ে নাও। তারপর নিজের মতো করে সাজিয়ে উত্তর দাও। কিন্তু উত্তর লিখবে অবশ্যই নিজের ভাষায় এবং নিজের মতো করে।

রিডিং স্কিল বাড়াতে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়ো। বই বাছাইয়ের ক্ষেত্রে নিজের পছন্দকে প্রাধান্য দাও। যে বিষয় তোমার ভালো লাগে সে বিষয়ের বই ই পড়ো।

বিভিন্ন শিক্ষামূলক সাইটে গিয়ে বাড়াতে পারো ইংরেজি পড়ার দক্ষতা। আরও দক্ষ হয়ে উঠলে পড়তে পারো ইংরেজি ম্যাগাজিন বা দৈনিক পত্রিকা। ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে ‘লার্ন ইংলিশ’ অপশনে গিয়ে ইংরেজি শিখতে পারো যত ইচ্ছে তত।

তবে তাহাহুড়ো করা যাবে না। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। কয়েকদিনেই ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে, রাতারাতি পরীক্ষায় ভালো করবে এমনটি আশা করা বোকামি। এ জন্য অনেক সময় ব্যয় করতে হবে। কঠিন অধ্যবসায় অব্যাহত রাখতে হবে।