কুষ্টিয়ার কুমারখালীতে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার ক্যামেরাপারসন নাজমুস হাসিবকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সংবাদকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কুমারখালী বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, গত বুধবার ভোরে এটিএন বাংলার ক্যামেরাপারসন নাজমুস হাসিবকে তার নিজ এলাকা উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকা থেকে আটক করা হয়। পরে পুলিশের গাড়িতে তুলেই নির্যাতন শুরু করে কুমারখালী থানার পুলিশ। পরে থানায় নিয়ে এসে একটি কক্ষে আটকে রেখে চোখ বেঁধে হকিস্টিক ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা বিচার দাবি করলেও পুলিশ কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম মুঠোফোনে বলেন, ‘গত বুধবার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়তে হয়েছে। সেখানে সংঘর্ষরত অবস্থায় সাতজনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে নাকি একজন টিভি ক্যামেরাম্যান ছিলেন। পুলিশ বা সাংবাদিক যেই হোন না কেন, আইনের ঊর্ধ্বে আমরা কেউই নই। আইনবিরুদ্ধ কাজে যেই জড়িত থাকবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গৃহীত হবে।’