মাদারীপুরে প্রেমঘটিত বিরোধে ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট

মাদারীপুরে ত্রিভুজ প্রেমের সম্পর্কের জেরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের থানতলী এলাকার রব মৃধার ছেলে সোহাগ মৃধা, সাঈদ মোল্লার ছেলে শাকিল মোল্লা, ফারুক আহম্মেদের ছেলে আবদুল্লাহ আহম্মেদ ও এনায়েত শেখের ছেলে রাজীব শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী এলাকার আরিফ খলিফা ও শহিদ খলীফার সঙ্গে একই এলাকার এক মেয়ের সম্প্রতি প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি জানাজানি হলে সপ্তাহখানেক আগে আরিফ ও শহীদের মাঝে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে বুধবার রাত ৯টার দিকে আরিফ ও শহীদের প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাকদী ও থানতলী এলাকায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছে।